সংস্থার সংক্ষিপ্ত পরিচিতি
জাতীয় তরুণ সংঘ ১৯৬৬ সনে ঢাকার লালবাগ থানার অন্তর্গত হাজারীবাগ এলাকায় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে হাজারীবাগে ৭ম তলা বিশিষ্ট ‘তরুণ ভবন’ নামে সংগঠনটির একটি নিজস্ব ভবন রয়েছে। এটি জাতীয় তরুণ সংঘের কেন্দ্রীয় দপ্তর। এখান থেকে জাতীয় তরুণ সংঘের গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। সংগঠনটির নিম্নোক্ত কার্যক্রম দেশে, বিদেশে প্রশংসিত হয়েছে। বর্তমানে সংগঠনটি ‘বিশ্ব যুব সংস্থা’ (IOGT) এবং আন্তর্জাতিক মাদকদ্রব্য প্রতিরোধ সংস্থা (WAY) এর অন্যতম সদস্য। প্রতিষ্ঠাকাল থেকেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম, যুব নেতৃত্ব প্রশিক্ষণ, শিক্ষা কার্যক্রম, সমাজসেবা মূলক কার্যক্রম, নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন কার্যক্রম, শিশুদের মেধা বিকাশের কার্যক্রম, মদ ও মাদক প্রতিরোধ কর্মসূচী, রক্তদান কর্মসূচী, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপন কার্যক্রম, মৎস্যচাষ ও গণশিক্ষা পরিচালনা করে আসছে। ১৯৭৩ সনে সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ের স্বীকৃতি লাভ করে। যুব সমাজকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যুব সম্প্রদায়কে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এটি ব্যাপক অবদান রেখে চলছে। জাতীয় তরুণ সংঘের দেশব্যাপী বহু শাখা রয়েছে এবং এ শাখার সদস্যদের নিয়ে ‘যুব পার্লামেন্ট’ নামে একটি পরিষদ রয়েছে। এ পার্লামেন্টে দেশের ৬৪টি জেলা থেকে মনোনীত প্রতিনিধি রয়েছে। ৯ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং ২১১ সদস্যের সমন্বয়ে সাধারণ পরিষদ রয়েছে।
